Header Ads

খোশ আমদেদ মাহে রমজান I আত্ম অনুভবে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার মাস

 

খোশ আমদেদ মাহে রমজান

আজ ১৯ রমজান। রমজান মাস মানুষে মানুষে ভেদাভেদ ভুলে এক সমান্তরালে দণ্ডায়মান হওয়ার মাস। আত্ম অনুভবে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার মাস। কলহ-বিবাদবর্জিত একটা শান্তির দুনিয়া গড়ার মাস। হাদিস শরিফে এই মাসকে সহমর্মিতার মাস বলা হয়েছে। যেসব কারণে মানবচরিত্র বিনষ্ট হয়, তার মধ্যে একটি হচ্ছে গিবত বা পরনিন্দা। গিবত এক জঘন্যতম অপরাধ। এই অপরাধকর্ম থেকে যে ব্যক্তি আত্মরক্ষা করতে পারে, সে অবশ্যই মানবতার মহাসড়কে বিচরণ করতে সমর্থ হয়।

কোরআন মজিদে ইরশাদ হয়েছে :ওহে তোমরা যারা ইমান এনেছ, তোমরা বহুবিধ অনুমান হতে দূরে থেকো। কেননা, কোনো কোনো অনুমান পাপের এবং তোমরা একজন অন্য একজনের গোপনীয় বিষয়ের সন্ধান কোরো না এবং একে অপরের পশ্চাতে নিন্দা কোরো না। তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে পছন্দ করবে? বস্তুত তোমরা তো এটা ঘৃণ্যই মনে করো। তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ তওবা গ্রহণকারী পরম দয়ালু (সুরা হুজুরাত আয়াত-১২)। 


গিবত বা পরনিন্দা ব্যভিচারের চেয়েও মারাত্মক পাপ। হাদিস শরিফে আছে: গিবত ব্যভিচার হতেও মরাত্মক। কারণ তওবা করলে ব্যভিচার মাফ হয়ে যেতে পারে, কিন্তু যার গিবত করা হয়েছে, সে যদি মাফ না করে, তবে আল্লাহ গিবতের পাপ মাফ করবেন না। এখানে উল্লেখ্য, হক্কুল্লাহ, অর্থাত্ আল্লাহর হক আদায় না করার কারণে যে গুনাহ বা পাপ হয়, তা আল্লাহ রহমানুর রহিমের নিকট তওবা-ইস্তিগফার করলে আল্লাহ মাফ করে দিতে পারেন। কিন্তু হক্কুল ইবাদ, অর্থাত্ বান্দার হক আদায় না করলে যে গুনাহ হয়, তা যার হক নষ্ট করা হয়েছে সে মাফ না করলে আল্লাহ মাফ করেন না।

খোশ আমদেদ মাহে রমজান I সিয়াম ইসলামের পঞ্চস্তম্ভের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ


গিবত করনেওয়ালা, অর্থাত্ পরনিন্দুকের পাপ এতই বড়ো, এই পাপের কারণে তাকে আখিরাতে হুতামা নামক জাহান্নামে যেতে হবে। কোরআন মজিদে ইরশাদ হয়েছে :হুতামা কী, তা কি তুমি জানো? এটা আল্লাহর প্রজ্বলিত হুতাশন, যা হুদয়কে করবে গ্রাস, নিশ্চয়ই তা তাদের পরিবেষ্টন করে রাখবে প্রলম্বিত স্তম্ভসমূহে। (সুরা হুমাযা, আয়াত ৫-৯)।

কোরআন মজিদে ইরশাদ হয়েছে :কেউ কোনো দোষ বা পাপ করে পরে তা কোনো নির্দোষ ব্যক্তির প্রতি আরোপ করলে সে মিথ্যা অপবাদ ও স্পষ্ট পাপের বোঝা বহন করে। সুরা নিসা :আয়াত-১১২)।


লেখক : পীর সাহেব, দ্বারিয়াপুর শরীফ, উপদেষ্টা, ইনস্টিটিউট অব হযরত মুহম্মদ (সা.), সাবেক পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ।

প্রকাশিতঃ ই/ত্তে/ফা/ক, ১৩ মে ২০২০

কোন মন্তব্য নেই

5ugarless থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.