Header Ads

খোশ আমদেদ মাহে রমজান I সায়িমগণ যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে তার নাম রাইয়ান

 

খোশ আমদেদ মাহে রমজান

আজ ৭ রমজান। রমজান মাসের সিয়ামে অশেষ রহমত ও বরকত যেমন রয়েছে তেমনি এই মাসের সিয়াম পালনকারীর জন্য অশেষ পুরস্কারেরও সুসংবাদ রয়েছে। বুখারী শরীফে সঙ্কলিত এবং হযরত আবু হুরায়রা রাদি আল্লাহু তা’আলা আনুহু হতে বর্ণিত একখানি হাদিসে কুদসীতে আছে যে, আল্লাহ তা’আলা বলেন, সে (সায়িম) আমার জন্য পানাহার এবং কাম প্রবৃত্তি পরিত্যাগ করে। সিয়াম আমারই জন্য, তাই তার পুরস্কার আমি স্বয়ং দান করবো। অন্য এক বর্ণনায় আছে যে, আল্লাহ্ তাআলা ইরশাদ করেন: আমিই তার পুরস্কার। আর এক বর্ণনায় আছে, সায়িম জান্নাতে আল্লাহ্ তা’আলা দীদার লাভ করবে। সায়িমদের জান্নাতে বিশেষ ব্যবস্থাপনায় বিশেষভাবে অভ্যর্থনা জানানো হবে।

বিশিষ্ট সাহাবী হযরত সাহ্ল রাদি আল্লাহু তা’আলা আন্হু হতে বর্ণিত একখানি হাদীসে আছে যে, প্রিয়নবী রসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলায়হি ওয়া সাল্লাম’ বলেছেন, জান্নাতের মধ্যে রাইয়ান  নামক একটি দরজা আছে। এই দরজা দিয়ে কিয়ামতের দিন সায়িমরাই কেবল প্রবেশ করতে পারবে। ঘোষণা দেয়া হবে: সায়িমরা কোথায়? তখন সায়িমরা দণ্ডায়মান হবে। তারা ছাড়া অন্য কেউ ঐ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। তাদের প্রবেশের পরই তা বন্ধ করে দেয়া হবে যাতে ঐ প্রবেশ দরজা দিয়ে অন্য কেউ প্রবেশ করতে না পারে (বুখারী-শরীফ)। সায়িমগণ যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে তার নাম রাইয়ান। রাইয়ান শব্দের অর্থ তৃষ্ণা নিবারক।

>>খোশ আমদেদ মাহে রমজান I সাড়ে চার হাজার বছর পূর্বে তওরাত কিতাব নাজিল হয়<<

জান্নাতে যে পানীয়ের ব্যবস্থা রয়েছে তার বিবরণ কুরআন মজীদে রয়েছে। ইরশাদ হয়েছে: নিশ্চয়ই সত্ কর্মশীলগণ পান করবে এমন পানপাত্র হতে যাব পানীয় কর্পূর মিশ্রিত। তা একটি প্রস বণ যা হতে আল্লাহর বান্দাগণ পান করবে (সূরা দাহ্র : আয়াত-৫-৬)। তাদেরকে পরিবেশন করা হবে রৌপ্য পাত্রে এবং স্ফটিকের মতো স্বচ্ছ পান পাত্রের রজত শুভ্র স্ফটিক পাত্রে পরিবেশনকারীরা যথাযথ পরিমাণে তা পূর্ণ করবে। সেখানে তাদের পান করতে দেয়া হবে আদ্রক (যান্জবীল) মিশ্রিত পানীয়, সেখানে রয়েছে এমন এক প্রসবণ যার নাম সাল্ সাবীল (সূরা দাহ্র : আয়াত-১৫-১৮), তাদের পোশাক হবে সূক্ষ্ম সবুজ রেশম ও মোটা রেশম, তারা অলংকৃত হবে রৌপ্যনির্মিত কংকনে, তাদের রব্ তাদের পান করাবেন বিশুদ্ধ পানীয় (শরাবুন্ তহুরা)। নিশ্চয়ই এটা তোমাদের পুরস্কার (সূরা দাহ্র : আয়াত-২১-২২)।

লেখক : পীর সাহেব, দ্বারিয়াপুর শরীফ, উপদেষ্টা, ইনস্টিটিউট অব হযরত মুহম্মদ (সা.), সাবেক পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ।

প্রকাশিতঃ ই/ত্তে/ফা/ক  -  ১৩ মে ২০১৯

কোন মন্তব্য নেই

5ugarless থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.