Header Ads

খোশ আমদেদ মাহে রমজান I কদরের রাতে কোরআন নাজিল হয়

 

খোশ আমদেদ মাহে রমজান

আজ ২৬ রমজান। আজকের সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে যে রাতের সূচনা হবে এই রাতকে বলা হয় লাইলাতুল কদর। কোরআন মজিদে সুরা কদরে এই রাতের মাহাত্ম্য বর্ণিত হয়েছে। আল্লাহ জাল্লা শানুহু ইরশাদ করেন, নিশ্চয়ই আমি কদরের রাতে কোরআন নাজিল করেছি। 

হে রসুল আপনি কি জানেন কদরের রাত কী? লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ রজনি। এই রাতে ফেরেশতাগণ ও রুহ নাজিল হয় আল্লাহর নির্দেশে। তাদের রবের হুকুম পালনের জন্য বিরাজ করে শান্তি যতক্ষণ না ফজর হয়। 

শবেকদরের সূচনাকালে এবাদতের উদ্দেশ্যে গোসল করার মধ্যে অনেক কল্যাণ রয়েছে। বলা হয়েছে, কুল মখলুক এই রাতে আল্লাহর উদ্দেশে সিজদা করে যারা মসজিদে এতেকাফ হালতে থাকেন তারা এই রাতের সৌন্দর্যশোভা অবলোকন করতে সমর্থ হন। মধ্য শাবানের রাতে ভাগ্য বণ্টনের যে তালিকা লিপিবদ্ধ করা হয় তা শবেকদরে এসে ঊর্ধ্বলোকে প্রেরিত হয়। 

খোশ আমদেদ মাহে রমজান I রমজান মাসের বিশেষ সাদাকা হচ্ছে ফিতরা


লাইলাতুল কদরে বেশি বেশি নফল সালাদ আদায়, জিকির-আজকার, মোরাকাবা, মোশাহেদা, মিলাদ, কিয়াম ইত্যাদির মাধ্যমে রাত অতিবাহিত করা উচিত। এই রাতেই ৬১০ খ্রিষ্টাব্দের রমজান মাসে লওহে মাহফুজ থেকে গোটা কোরআন শরিফ সিদরাতুল মুনতাহাতে হজরত জিব্রাইল আলাইহিস সালামের কাছে হস্তান্তর করা হয় মক্কার হেরা গুহায় অবস্থানরত প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে নাজিলের জন্য। 

হেরা গুহায় এসে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে কোরআন মজিদের পাতা খুলে ধরে তিনি বলেন, আমি তো  পড়তে পারি না। জিব্রাইল আলাইহিস সাল্লাম তাকে জোরে বুকে টেনে নিয়ে আলিঙ্গন করেন। সেই তাওয়াজ্জতে তার সামনে জ্ঞানরাজ্যের সমস্ত দুয়ার উন্মোচিত হয় এবং তিনি সুরা আলাকের পাঁচখানি আয়াতে কারিমা পাঠ করেন। এরপর হজরত জিব্রাইল আলাইহিস সাল্লাম গোটা  কোরআন শরিফ প্রথম আসমানে বাইতুলইজ্জতে সংরক্ষণ করেন এবং সেখান থেকে ২৩ বছরের বিভিন্ন সময়ের কোরআন মজিদ একটু একটু করে নাজিল হয়। 

কোরআন মজিদের প্রথম নাজিলকৃত ওহি হচ্ছে—সুরা আলাকের পাঁচখানি আয়াত এবং অধিকাংশের মতে, সর্বশেষ ওহি নাজিল হয় ৬৩২ খ্রিষ্টাব্দের ৯ জিলহজ প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিদায় হজের ভাষণের পরপর। আল্লাহ জাল্লা শানুহু ইরশাদ করেন, আজ তোমাদের দীন পূর্ণাঙ্গ করলাম এবং আমার নিয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করলাম এবং তোমাদের দীন ইসলামকে সানন্দে অনুমোদন দান করলাম (সুরা মায়িদা : আয়াত ৩)।


লেখক : পীর সাহেব, দ্বারিয়াপুর শরীফ, উপদেষ্টা, ইনস্টিটিউট অব হযরত মুহম্মদ (সা.), সাবেক পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ।

প্রকাশিতঃ ই/ত্তে/ফা/ক, ২০ মে ২০২০

কোন মন্তব্য নেই

5ugarless থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.